'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Thursday, September 6, 2012

কবির মন বনাম কবি - সমর কুমার সরকার / শিলিগুড়ি

কবির মন বনাম কবি

কবি,তোমার মনে কেন চঞ্চলতা?
পালিয়ে বেড়াও,লুকিয়ে মনের গোপন কথা।
খেলছ কেন মনের সাথে লুকোচুরি?
ধরা যদি না দাও,তবে কেমনে ধরি!
কেন তোমার 'পালাই পালাই' এমন স্বভাব,
ভাবের ঘরে আজ কি তোমার বড়ই অভাব?
দাও না মনের দরজা খুলে খোলামেলা,
রোদ ও ছায়া করুক খেলা,সারা বেলা।
দোদুল দোলের হিমালয়ের হিমেল বাতাস,
আসুক ধেয়ে,সঙ্গে নিয়ে ফুলের সুবাস।
রঙ্গীন ডানা মেলে আসুক প্রজাপতি,
দেখাও কবি,তোমার আপন কেরামতি।

মন কেন তুই কবিকে আজ দিস ক্ষেপিয়ে,
রঙ-তামাশা করিস এমন কবি নিয়ে?
কবি কি তোর খেলাঘরের খোলামকুচি?
হালুইকরের ঘি-য়ে ভাজা মণ্ডা,লুচি?
কবি যে তার ইচ্ছে হলে দিনের বেলায়,
চড়া রোদে বসবে গিয়ে ইঁটের পাঁজায়।
শীতের রাতে,ডুববে জলে আদুল গায়ে,
ফুলের বনে মূর্ছা যাবে ফুলের ঘা-য়ে।
'পূর্ণিমা চাঁদ' ভাববে কবি 'পোড়া রুটি',
যতই না মন কর না হেসে লুটোপুটি।
কবিরা সব কল্পতরু ভাব জগতে,
কবি স্বপন সৃষ্টি করে আপন হাতে।

কথার পিঠে কথা গেঁথে দেখাও বড়াই,
যেন,নতুন গাছের চারার বাঁচার লড়াই।
আলো,বায়ু,জল না পেলে বাড়তে মানা,
ধন্য কবি,তোমাদের এই কবিপনা।
নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে,
যাও চলে,কোন্ নাম না জানা তেপান্তরে।
জ্যোৎস্না রাতে,চাঁদের আলোর সরাব পিয়ে,
নীল পাহাড়ের চূড়ায় ওঠো,পথ টি বেয়ে।
আঁধার জগৎ তোমার চোখে দেয় না ধরা?
দুঃসহ ওই শুষ্ক মরু,বন্যা,খরা?
নিরন্ন ওই মানুষগুলোর বাঁচার আশা,
তোমার লেখায় পায় না কেন মুখের ভাষা?

মন কেন তুই দিলি আবার আগুন জ্বেলে?
শান্তিতে চাই থাকতে আমি ও সব ভুলে।
কবি কি তোর কল্পনা তে সুখী মানুষ?
হাওয়া ভরা,দীপান্বিতার রঙ্গীন ফানুস?
কবির মনে জ্বললে আগুন সর্বনাশা,
ঘটবে প্রলয়,ভাঙবে সকল ঘুঘুর বাসা।
যুগে যুগে,কবি লেখে বিপ্লবী গান,
ধ্বংস করে অত্যাচারীর সুখের বাগান।
কবি যখন আপনি কাঁদে,আপন মনে,
নীরব থাকে,অক্ষমতার অভিমানে।
কিন্তু,যদি আপন লেখায় অশ্রু ঢালে,
বিধাতার ও আসন খানি আপনি টলে।

তাই বলি মন,ক্ষেপাস নে আর আমায় মিছে,
ক্ষেপলে পরেও,লিখতে আমার বয়েই গেছে।
লিখেও যদি কবি লেখার পাঠক না পায়,
কি লাভ তবে মরুর বুকে বৃষ্টি ধারায়?

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
কবির মন বনাম কবি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

কবির মন বনাম কবি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Monday, September 3, 2012

কাকের প্রেমে বকের দোষ,শেষে করে আফসোস - সমর কুমার সরকার / শিলিগুড়ি

কাকের প্রেমে বকের দোষ,শেষে করে আফসোস

আজকে আমি লিখছি যে এক কালো কাকের কথা,
কাকটি যেথায় করতো বসত,বক ছিল না সেথা।
কাকের সাথে ওঠা-বসা,কাকের সাথেই চলা,
কাকের মতই ডাকা কা...কা...,ছেড়ে হেঁড়ে গলা।
বুদ্ধি কুটিল কাকের মতই,চতুর,ধুরন্ধর,
খাঁটি কাকের বাচ্চা সে যে,কাকের বংশধর।
কাক টি যখন তরুণ,দেহে যৌবনের-ই বান,
সুন্দরী এক কাকীর খোঁজে মন হ'লো আনচান।
ঘুরে ফিরে নদীর জলে মুখ টি কেবল দেখে,
রাখতে পালক চকচকে,গা-য় ধূলো-বালি মাখে।
পলাশ ফুলের মধু খেয়ে মন উতলা হয়,
নেশার ঘোরে উদাস সুরে 'কাওয়া..কাওয়া' গায়।

প্রেমের রোগে যে পড়েছে,সে ই তো কেবল বোঝে,

কেমন করে সঙ্গিনী ঠিক নিতে হবে খুঁজে।
চতুর কাক-এ বুদ্ধি করে গেল বনান্তরে,
কোথায় কোথায় কাকী আছে,দেখল উড়ে উড়ে।
ভাত ছড়ালে কাকীর অভাব হয় না কোন খানে,
পোকা-মাকড় মেরে সে তাই ছড়িয়ে দিল বনে।
একলা উড়ে যেতে যেতে পড়লে কাকীর নজর,
নেমে এসে,বসে যদি মারত ঠোঁটের ঠোকর,
আড়াল থেকে বেড়িয়ে কাক-এ বলত হাসি মুখে-
"তোমার জন্য রেখেছি সব,খাও না মহা সুখে।
আমার সাথে করলে পিরীত,রাখব মাথায় তুলে,
খেটে খাওয়ার কষ্ট তুমি যাবেই দেখো ভুলে।"

সব কাকীর-ই স্বভাব খারাপ,কেমন করে বলি ?

অনেক কাকীই পালিয়ে যেত,দিয়ে তাকে গালি।
একটি কাকী বোকার ঢেঁকি,কাকের কথায় ভুলে,
ধরা দিল আপনা হ'তে,চতুর কাকের জালে।
চলল ক'দিন দুই জনেতে এক সাথেতে ঘোরা,
নদীর ধারে,জঙ্গলেতে রাত কাটালো তারা।
সব প্রেমের-ই শেষে ঘটে করুণ পরিণতি,
লজ্জা ভেঙে বলল কাকী,না দেখে আর গতি।
মুখে আমার নেই কো রুচি,শরীর টা ঝিম্ ঝিম্,
বাসা বাঁধো গাছের ডালে,পাড়তে হবে ডিম।
নদীর ধারে গাছের ডালে বাঁধলো কাকে বাসা,
সুখে দুঃখে দিনগুলো সব কাটতে থাকে খাসা।

অবশেষে শুভ দিনে পাড়লো কাকী ডিম,

ডিম দেখে তো কাকের গায়ের রক্ত হ'লো হিম।-
"আমিও কালো,কাকী ও কালো,ডিমগুলো যে সাদা,
কেমন ক'রে হ'লো এমন,লাগছে মনে ধাঁধা।
নদীর ধারে বেড়াত ওই বকগুলো যে সাদা,
কাকী ওদের হাসি মুখে ডাকতো 'বগা দাদা'।
একটা ফাজিল বকের ছেলে,আসতো মাঝে মাঝে,
যখন ই সে বেরিয়ে যেত,পোকা ধরার খোঁজে।
আদর করে বক টি সাথে আনতো মাছের পোনা,
কাকী ও তার হেসে হ'তো আহ্লাদে আটখানা।
বক ও সাদা,ডিম ও সাদা,বকের ছানাই তবে,
কাকীর সাথে বাস করে আর লাভ কি আমার হবে।"

সন্দেহ যে তুষের আগুন,ধিকি ধিকি জ্বলে,

কাকের মুখে নেই কো হাসি,এড়িয়ে কেবল চলে।
বুকে যে তার ভীষণ ব্যথা,চোখে আসে জল,
কাকের বাসায় বকের ছানা,জীবন যে বিফল।
অবশেষে গোমড়া মুখে,শুধালো কাকী রে,
"আমিও কালো,তুমি ও কালো,ডিম সাদা কি করে?"
সরল মতি কাকী বলে,"আমি কি তার জানি?
এই তো প্রথম ডিম পাড়া গো,আগে তো পাড়ি নি।
কেউ তো আমায় দেয় নি বলে,ডিমের কি রঙ হবে,
রঙের ব্যাপার তোমার মাথায় আসছে কেন তবে?
নিজে তুমি পিরীত ক'রে,আনলে আদর ক'রে,
এসব কথা কেন তবে প্রশ্ন করো মোরে?"

রেগে গিয়ে বলল কাকে,"বক গুলো যে সাদা,

পিরীত ক'রে তাদের তুমি ডাকতে কেন দাদা?
বক ও সাদা,ডিম ও সাদা,মিল হলো কেমনে?
বকের সাথে তোমার পিরীত ছিল না,কে জানে?"
বলল কাকী,"ইতর তুমি,চতুর হওয়া ভালো,
অধিক চতুর যারা তাদের মন টি সদাই কালো।
বক গুলো সব আদর করে ডাকতো আমায় বোন,
সন্দেহেতে বিষিয়ে গেছে,তোমার ইতর মন।
কপালেতে যা আছে হোক,চাই না তোমায় আর,
নিজেই আমি ছানাগুলোর পারবো নিতে ভার।
সন্দেহ যে করতে পারে নিজের প্রেমিকা রে,
মহাপাপী ছাড়া আমি বলব কি আর তারে?"

ক'দিন পরে ডিম ফুটে যেই জন্ম নিল ছানা,

কা-কা রবে চাইলো খাবার,নেড়ে তাদের ডানা।
তেল কুচকুচ ছানাগুলো,ক'রতে থাকে খেলা,
দূর থেকে তা দেখতে পেয়ে,কাকের মনে জ্বালা।
উড়ে এসে বসলো গাছে,বলল কাকী শোনো.-
"ডাকছে কা-কা,কাকের ছানা,সন্দেহ নেই কোনো।
এরাই আমার ছেলে মেয়ে,আমিই ওদের বাপ,
ক্ষমা ঘেন্না ক'রে এবার,আমায় করো মাপ।"
বলল কাকী,"সন্দেহ রোগ থাকে যাদের মনে,
কোন দিনই শান্তি তারা পায় না কোন খানে।"
কাকের মত সন্দেহ রোগ আছে মানুষের ও,
থাকতে সময়,মনের রোগের চিকিৎসা টা ক'রো।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
কাকের প্রেমে বকের দোষ,শেষে করে আফসোস by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

কাকের প্রেমে বকের দোষ,শেষে করে আফসোস by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Saturday, September 1, 2012

শ্মশানবৈরাগ্য - সমর কুমার সরকার / শিলিগুড়ি

[ তথ্য: বারাণসী ভ্রমণ কালে,বিজয়া দশমীর বিষণ্ণ সন্ধ্যায় আমি 'হরিশচন্দ্র ঘাট' পরিদর্শনে গিয়াছিলাম। গঙ্গা তীরবর্তী ঘাট সংলগ্ন শ্মশানে,বেশ কয়েকটি শব,দাহের অপেক্ষায় বাঁশের মাচায় শায়িত ছিল। তিন চারিটি চিতা দাউ-দাউ করিয়া জ্বলিতেছিল। চারি দিকে পোড়া চিতা কাষ্ঠ ও চিতা ভস্ম,তাহার মাঝে এখানে ওখানে মৃতের ব্যবহৃত পরিচ্ছদ,শয্যা,ফুল,মালা,বাঁশের টুকরা ইত্যাদি বিক্ষিপ্ত ভাবে ছড়াইয়া ছিল। শবের সৎকার দৃশ্য আমার মনে করুণ রসের সৃষ্টি করিয়াছিল। তদুপরি চিতার ধূমাগ্নি ও মৃতদেহ দাহের কটু গন্ধ আমার মনে শ্মশানবৈরাগ্যের সৃষ্টি করিয়াছিল। তখন আমার মনে যে অনুভূতির সৃষ্টি হইয়াছিল,তাহাই এ স্থলে বর্ণিত হইল।]

শ্মশানবৈরাগ্য

পুণ্যতোয়া গঙ্গা তীরে,দূরে নির্জনে,
দাউ-দাউ জ্বলে চিতা,এখানে ওখানে।
ভস্মীভূত চিতাভস্ম,সর্বত্র ছড়ায়ে-
ডোমেরা সাজায় চিতা শুষ্ক কাষ্ঠ দিয়ে।
শায়িত শবের সারি,সবে নিষ্প্রাণ,
শেষ আশ্রয় স্থল এ মহাশ্মশান।

ধূলিতে শয়ান সবে বাঁশের মাচায়,
চিরনিদ্রিত তাই ফিরিয়া না চায়।
চন্দন চর্চিত মুখে প্রাণহীন হাসি,
গলে ফুলমালা,জ্বলে ধূপ রাশি রাশি।
শোকাতুর পরিজন জানায় বিদায়,
'বল হরি হরি বোল' রব দূরে ধায়।

এত দিন পরিচিত ছিল ধরাধামে,
দেশ,ধর্ম, জাতি ভেদে পদবী ও নামে।
ধন,মান,গুণ,দোষ,নানা পরিমাপে,
পরিচিত হয়েছিল ক্রমে ধাপে ধাপে।
একটি জীবন ঘিরি বাঁধা ছিল সব-
যাহার বিহনে আজি শুধু মাত্র শব।

অনিত্য যে নর দেহ তিলে তিলে গড়া,
সে তো শুধু হাড়,মাস,চর্বিতে ভরা।
হৃদযন্ত্র,পাকাশয়,রক্ত,শিরা-জাল,
কেশ,চর্মে সুশোভিত উলঙ্গ কঙ্কাল।
কেমনে তাহাতে সৃষ্ট হয়েছিল প্রাণ-
কোথা হতে এলো প্রাণ,কোথা গম্য স্থান?

কত সুখে ছিল ওরা,মনে কত আশা,
কত মান,অভিমান,তৃপ্তি,হতাশা।
সুখ ছিল,দুঃখ ছিল,ছিল কামানল,
প্রেম বা বিরহ ছিল,ছিল নানা ছল।
হৃদয় অসার আজি,অনুভূতি নাই,
ক্ষণিক প্রতীক্ষা মাত্র,পুড়ে হবে ছাই।

'জন্মিলে মরিতে হবে' নিশ্চিত জানি,
স্থিতি কাল ব্যাপ্ত ওরা ছিল অজ্ঞানী।
ধন চাই,মান চাই,চাই যে ক্ষমতা,
কামিনী,কাঞ্চন চাই,সর্ব সার্থকতা।
চাই,চাই,চাই শুধু,করেনি যাচাই,
কোথা হতে কেন আসি,কোথা ফিরে যাই।

শ্মশানবৈরাগ্য জাগে,দেখিতে যে পাই-
অনিত্য সংসারে কেহ আপনার নাই।
যারে জানি পিতা,মাতা,ভ্রাতা ও ভগিনী,
পুত্র,কন্যা,অর্ধাঙ্গিনী,প্রেম-প্রণয়িনী।
পুত্তলিকা সম সবে রঙ্গমঞ্চ পরে,
অলখিতে সঞ্চালিছে দক্ষ বাজীকরে।

সেই মায়া বলে এত নাম,পরিচয়,
কুশীলব যেন মিথ্যা করি অভিনয়।
জীবন নাটক শেষে পড়ে যবনিকা।
পালা ক্রমে যেতে হয় সবে একা একা।
কেন আসা,কেন যাওয়া,কেন এ ছলনা,
মিছে জাল বোনা ভবে,রহিল অজানা।

জীবন-তপন ঢলে অস্তাচল পানে,
'বেলা অবসান বুঝি'-ভীতি জাগে মনে।
ধন,মান,পরিজন,নহে আপনার,
জীবতরী পার হলে ভব পারাবার।
নশ্বর জীবনে সত্য স্থায়ী কিছু নাই,
জীবনের অবশেষ শব-দগ্ধ ছাই।

তবে কেন জন্ম লয়ে,ধরণী তে আসা?
এত কোলাহল,এত আশা,ভালবাসা।
এত সুখ,এত প্রাপ্তি,এত মুগ্ধতা,
জীবনের খেলাঘরে চির ব্যাকুলতা।
এত সুর,এত গান,স্বপ্ন মায়াজাল,
প্রাণহীন হলে দেহ সব পয়মাল।

কেন তিলে তিলে গড়া এই সভ্যতা,
অধিকার লয়ে দ্বন্দ্ব,বিজিত-বিজেতা।
স্বার্থের সংঘাত লয়ে কত না লড়াই,
আপন গরিমা জ্ঞানে মিথ্যা বড়াই।
অমর হইতে চাহ,রেখে যাও দাগ।
রহিবে তোমার স্মৃতি,প্রেম অনুরাগ।

জরা,ব্যাধি,মৃত্যু হতে নাহি কারো পার,
বৃথা বহে চলা ব্যর্থ জীবনের ভার।
স্মরণীয় হবে যদি হও বরণীয়,
গরল গ্রাসিয়া দেহ প্রাণের অমিয়।
এমন আসিবে দিন,তুমি শুধু নাই।
প্রতি জনপদ গৃহে স্থায়ী তব ঠাঁই।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
শ্মশানবৈরাগ্য by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

শ্মশানবৈরাগ্য by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Tuesday, August 28, 2012

লেখক কে দাও স্বাধীনতার আলো - সমর কুমার সরকার / শিলিগুড়ি

লেখক কে দাও স্বাধীনতার আলো

লিখব কিছু মনেতে সাধ ছিল।
নতুন পথে,নতুন ভাবে,
জগৎটা কে চিনতে হবে,
জ্বালতে হবে মনে জ্ঞানের আলো।
লিখব কিছু মনেতে সাধ ছিল।।
মনের দুয়ার দিলাম খুলে-
কল্পনা সব ডানা মেলে,
খাতার পাতা ভরাট ক'রে দিল।
এ যে ভীষণ ভাল লাগা,
ভাবের ঘোরে রাত্রি জাগা,
মন সায়রে নাড়া এলোমেলো।
লিখতে পেরে লাগলো বড় ভাল।।

লিখে লিখে মন উতলা হ'লো।
ভেবেছিলাম জগৎ সাদা,
এখন দেখি নোংরা কাদা,
উপর ভাল,অন্তরে সব কালো।
লিখে লিখে মন উতলা হ'লো।।
উঁচু জাতি,নীচু জাতি,
জাতের নামে কি বজ্জাতি!
প্রলোভনের ছড়ানো ফাঁদ গুলো।
সংরক্ষণ,সংখ্যালঘু,
সাধ পূরণের বাস্তু-ঘুঘু,
কিস্তি মাতের দাবার ঘুঁটি গুলো।
লেখার চেয়ে না লেখা যা ভাল।।

লিখতে গিয়ে জানতে যে মন পেলো-
শাসক-শোষক পরিপূরক,
ইঁদুর দৌড়ে সবার-ই ঝোঁক,
উপর তলায় নোংরা মানুষ গুলো।
লিখতে গিয়ে জানতে যে মন পেলো।।
নীচের তলায় ভাগ্যহত,
দীন,সাধারণ মানুষ যত,
লাভের বেলায় জুটছে রাঙা মুলো।
শহর গুলোয় আলোর ছটা,
গ্রামের ভাগে ছিটাফোঁটা,
উন্নয়নের নামে চোখে ধূলো।
লিখলে এ সব বিপদ বেড়ে গেল।।

লিখতে আমার লাগে না আর ভাল।
প্রেমের নামে নোংরামি ফাঁদ,
সস্তা প্রেমের নষ্ট আবাদ,
ঘরে ঘরে বাড়ছে জারজ গুলো।
লিখতে আমার লাগে না আর ভাল।।
নারী দেহের কি প্রলোভন,
নিত্য নারী অপহরণ,
পাচার হয়ে যাচ্ছে মেয়ে গুলো।
চোদ্দ থেকে চুরাশিতে,
ভেদ কিছু নেই ধর্ষণেতে,
পশু হয়ে গেল মানুষ গুলো।
এ সব কথা লিখতে আমায় বলো ?

লেখার আগে মেপে নেওয়া ভাল।
লেখক যে আজ হাত পা বাঁধা,
রঙ বিচারের গোলক-ধাঁধা,
বেচাল হলেই আখের টি যে গেল।
লেখার আগে মেপে নেওয়া ভাল।।
কার ও যে ঝোঁক লাল রঙেতে,
কারও রুচি সবুজেতে,
কার ও মতে গেরুয়া রঙ ভাল।
রঙেতে আর রাঙায় না মন,
রঙ মানে তো মেরুকরণ,
বিভক্ত সব দেশের মানুষ গুলো।
লেখক তুমি হিসাব ক'রে চলো।।

লিখতে চেয়ে দাস হওয়া কি ভাল ?
রঙের সাথে রঙ মেলালে,
হাতে হাতে ফসল মেলে,
উপহারের বন্যা বহে ভাল।
লিখতে চেয়ে দাস হওয়া কি ভাল ?
লিখব যদি,তবে বলি-
কিসের এত দলাদলি?
লেখক কে দাও স্বাধীনতার আলো।
বন্ধ করো কথার লড়াই,
নিজের মুখে নিজের বড়াই,
মিথ্যা কথার ঢাক পিটানো গুলো।
দেশ কে আমার আমি ও বাসি ভাল।।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
লেখক কে দাও স্বাধীনতার আলো by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

লেখক কে দাও স্বাধীনতার আলো by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Sunday, August 26, 2012

মাটি গেলো কোথায় ? - সমর কুমার সরকার / শিলিগুড়ি

মাটি গেলো কোথায় ?

তেঁতুলিয়া-র 'ভুবন জানা',দিলেন মেয়ের বিয়ে,
রাঢ় বাংলার দুর্গম এক নদী-বিহীন গাঁ-য়ে।
জামাই যে তার 'মদন কোলে',গ্রাম্য চাষীর ছেলে,
'লেখাপড়া' শেখেনি সে,যায় নি কো ইস্কুলে।
জমি আছে কয়েক বিঘা,করে ধানের চাষ,
বাড়ীর পাশে মুদির দোকান চালায় বার মাস।
চাষের জমি,মুদিখানা,আয় যে বড় জবর,
গ্রামঞ্চলে এমন ছেলের মূর্খ হ'লেও কদর।
'ভুবন জানা'-র মেয়ে 'চাঁপা',সে ও নিরক্ষর,
যোটক বিচার অনুসারে সমান 'পালটি ঘর'।
অজ্ঞানী রা দেখাতে চায়,তারা-ই বড় জ্ঞানী,
মূর্খ মদন চাল চলনে অনেক টা তেমন-ই।

বিয়ের পরে মেয়ে,জামাই এসেছে তার ঘরে,
'ভুবন জানা' বড়ই খুশী,আনন্দে প্রাণ ভরে।
সব শ্বশুর-ই কোন কালে,ছিলেন কারো জামাই,
নিজের অভিজ্ঞতায় জানা,কেমন টা ঠিক চাই!
খাওয়া-দাওয়া,শোয়া-বসায় ত্রুটি হ'লে পরে,
রাগ গিয়ে সব পড়বে যে তার মেয়ের-ই উপরে।
সেই ভয়ে-তে দেদার খরচ করেন 'ভুবন জানা',
জামাই মদন ভাব যে দেখায়,'এ সব উচিত মানা'।
এক সকালে ভুবন বলেন জামাই মদনেরে,
''চলো না হয় ঘুরে আসি একটু নদীর ধারে।"
নদীর ধারে গিয়ে মদন অবাক চোখে ভাবে,
'কিছু যদি না ব'লি তো খারাপ-ই দেখাবে'।

মদন বলে,"দেখছি এ যে বিরাট বড় পুকুর,
খুঁড়তে বোধ হয় টাকা এবং লোক লেগেছে প্রচুর।
এত বড় পুকুর কাটায় উঠল মাটি যত,
থাকলে জমা,পুকুর পাড়ে মাটির পাহাড় হ'তো।
কিন্তু দেখুন,ব্যাপার টা কি? ঢুকছে না তো মাথায়,
পুকুর আছে,তবে মাটি গায়েব হ'লো কোথায়?
জল ও দেখি পুকুর বেয়ে যাচ্ছে কোথায় চলে,
মাছগুলো তো মরেই যাবে,জল বেরিয়ে গেলে।
জল গুলোই বা যাচ্ছে কোথায়,বাবা,বলুন দেখি?
মাটির নীচে বিরাট কোন গর্ত আছে না কি?
মাইল কয়েক লম্বা পুকুর দেখি নি তো গাঁ-য়,
এই পুকুরের মালিক যে জন,কতই না তার আয়।"

মূর্খ জামাই নদী বুঝি দেখেনি এর আগে,
বুঝতে পেরে 'ভুবন জানা' বলেন মনের রাগে-
"তোমার মত বোকা পাঁঠার জন্মদাতা যারা,
আধেক মাটি আগে ভাগেই খেয়েছিলেন তারা।
বাকি মাটির আধা প্রমাণ খেয়েছি যে আমি,
নইলে কি আর আমার ঘরে জামাই হ'তে তুমি?
শেষ সিকি ভাগ কপাল দোষে খাচ্ছে আমার মেয়ে,
তোমার মত গুণধরের গলায় মালা দিয়ে।
এর পরেতেও মাটি যদি থাকে কিছু পড়ে,
যত্ন ক'রে নিয়ে গিয়ে,রাখো তোমার ঘরে।
কপালক্রমে তোমার ঘরে জন্ম যাদের হবে,
লেখাপড়া না শেখালে,ওই মাটি খাওয়াবে।"

দেখা,শোনা,চেনা,জানার শেষ তো কোথাও নাই,
নিত্য নতুন জানতে হ'লে 'লেখাপড়া' চাই।
চোখে দেখার অভিজ্ঞতায় আর ও বাড়ে জ্ঞান,
পুকুর,নদীর ফারাক কোথায়,হয় তা অনুমান।
মূর্খ মদন জন্মেছিল নদী বিহীন গাঁ-য়ে,
পুকুর কাটা দেখেছিল,সেথায় লোকালয়ে।
নদী চোখে দেখেনি সে,নাই তো 'লেখাপড়া',
জ্ঞান অভাবে নদীকে তাই পুকুর মনে করা।
মদন যেমন মূর্খ,তেমন অগুনতি এই দেশে,
এক মূর্খের দশা দেখে,অপর মূর্খ হাসে।
অল্প-বেশী মূর্খ সবাই,কোন না এক স্থানে,
নয় তো কি আর জ্ঞানীর বিচার করে গো অজ্ঞানে?

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
মাটি গেলো কোথায় ? by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

মাটি গেলো কোথায় ? by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]

Monday, August 20, 2012

ভালবাসা - সমর কুমার সরকার / শিলিগুড়ি

ভালবাসা

'ভালবাসা'- এক এমন মধুর শব্দ,
মন-বাতায়ন হয় অবারিত,খুলে দ্বার চির-রুদ্ধ
অন্তরে বহে মলয় বাতাস,
তৃষিত হৃদয়ে ভাব উচ্ছ্বাস,
অন্তর খোঁজে অন্তরতরে,পুলকিত মন মুগ্ধ

'ভালবাসা'- এক এমন প্রাণের ছন্দ,
হৃদয় কাননে ফোটে শত ফুল,বন্দিতে নবানন্দ
গুঞ্জরে অলি,পাখী গাহে গান,
চির বসন্ত সেথা লয় স্থান,
'আছে,ওগো আছে,কেহ মোর কাছে',ভাবিতে লাগে না মন্দ

'ভালবাসা'- এক রঙীন স্বপ্ন ডালি,
হৃদিপটে আঁকা সুপ্ত স্বপন,রঙেতে রাঙিয়ে তুলি
রঙের পরশে,রঙের আবেশে,
রঙীন হৃদয় থাকে না কো বশে,
হৃদয় খুঁজিয়া ফেরে যে 'হৃদয়',মধু সন্ধানে যেন অলি

'ভালবাসা'- যেন জীবনের মহাগতি,
শিহরিত তনু,উলসিত প্রাণ,নাহি জানে পরিমিতি
আবেগে বিবশ বিচলিত মন,
মিলন প্রয়াসে হয় উচাটন,
প্রেম তরঙ্গ,'জলতরঙ্গে' বাজায় মিলন গীতি

'ভালবাসা'- যেন প্রেরণার এক বাণী,
প্রেমিক প্রেমিকা প্রেম নিবেদনে লেখে তার লিপি খানি
হৃদয় বীণায় বাজে ঝঙ্কার -
'তুমি যে আমার চির আপনার',
প্রেম সুরধুনী কুলু কুলু রবে বহে চলে দিবা রজনী

ভালবাসা’– এই জীবনের প্রতি বিশ্বাস,
অচেনা দুইটি হৃদয়ে মিলাতে মনে রচে অভিলাষ।
ঘরে ও বাহিরে,প্রতি পরিবারে,
নারী ও পুরুষে বাঁধি প্রেমডোরে,
ভালবাসা গড়ে সুখী সংসার,নব জীবনের আশ্বাস।

সমর কুমার সরকার / শিলিগুড়ি

Creative Commons License
ভালবাসা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

ভালবাসা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.]